ক্ষমতায় গেলে ঢাকাকে এক করা হবে: এরশাদ
ঢাকা, ২৭ জানুয়ারি (বিডিন্যাশনাল নিউজ ডটকম):- ঢাকাকে বসবাসের অযোগ্য উল্লেখ করে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, ঢাকা শহরকে দুই ভাগ করার কারণ জানি না। আবার সুযোগ (ক্ষমতায়) আসলে ঢাকাকে এক করা হবে। সরকার যা করেছে এখন আমাদের সেটি মেনে নিতে হবে। আজ শুক্রবার রাজধানীর কাকরাইলে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে (আইডিইবি) এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, দিনের পর দিন দেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমাদের জনসংখ্যাই একদিন আমাদের খেয়ে ফেলবে। এসব নিয়ে কারো কোনো চিন্তা নেই।
এরশাদ বলেন, আমি দায়িত্ব গ্রহণের পর প্রথম শ্লোগান দিয়েছি ৬৮ হাজার গ্রাম বাঁচলে দেশ বাঁচবে।
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, গ্রামের মানুষের কাছে সুফল পৌঁছাতে উপজেলা নিয়ে একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলাম। কিন্তু দুখের বিষয় আমি চলে যাওয়ার পর উপজেলাগুলোকে হত্যা করা হযেছে। এর কারণ আমি জানি না। এটি দেশের জন্য করেছি, কোন পার্টির জন্য নয়।
তিনি বলেন, আমরা প্রশাসনের বিকেন্দ্রীকরণে বিশ্বাসী। আমি সেজন্য প্রাদেশিক সরকারের প্রস্তাব দিয়েছি। আমি আশা করবো এ বিষয়ে আমি আপনাদের সমর্থন পাবো।
আইডিইবি’র চার দিনব্যাপী সম্মেলনে তৃতীয় দিনের এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।


























































