মহাসমাবেশ বানচালের ষড়যন্ত্র চলছে: হান্নান শাহ
ঢাকা, ২৭ জানুয়ারি (বিডিন্যাশনাল নিউজ ডটকম):- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ অভিযোগ করেছেন, সরকারি দল আওয়ামী লীগ ‘পাল্টা কর্মসূচি’ দিয়ে ১২ই মার্চের বিরোধী দলের মহাসমাবেশ ‘বানচালের’ ষড়যন্ত্র করছে। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এ গোলটেবিলের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক হুমায়ুন কবির বেপারী।
তিনি বলেন, সরকারি দলকে বলবো, রাজনৈতিক শিষ্ঠাচার শিখুন। আমাদের কর্মসূচি পূর্বঘোষিত। এভাবে বিশৃঙ্খলা করার পরিণতি শুভ হবে না।
হান্নান শাহ বলেন, ধাপ্পাবাজিরও একটা সীমা থাকে। কিন্তু আওয়ামী লীগের ধাপ্পাবাজির কোনো সীমা নেই। আওয়ামী লীগের প্রধান থেকে তৃণমূল পর্যন্ত সবাই মিথ্যাচার করতে পারদর্শী।
তিনি বলেন, আমি গত কয়েক দিন ধরে বিভিন্ন বাজারে ঘুরলাম কিন্তু কোথাও ১০০ টাকায় দশ বারো কেজি চাল পেলাম না। অথচ আমাদের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণে বললেন, এক’শ টাকায় নাকি দশ বারো কেজি চাল পাওয়া যায়। পৃথিবীর কোনো সরকার প্রধান এ ধরনের অসত্য ভাষণ দিতে পারেন বলে আমার জানা নেই।
উল্লেখ্য, গত ৯ই জানুয়ারি চট্টগ্রামে সমাবেশ থেকে ১২ই মার্চ ঢাকায় মহাসমাবেশ ও ২৯ শে জানুয়ারি সারাদেশে গণমিছিল কর্মসূচি ঘোষণা করেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।


























































