ভারতের পুরুলিয়ায় বাস দূর্ঘটনায় মৃত ৩ আহত ৭
কলকাতা, ০৪ সেপ্টেম্বর (বিডিন্যাশনাল নিউজ ডটকম):- শনিবার সকালে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে পুরুলিয়ার বরাবাজার থানার মানপুরায়। দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু এবং ৭ জন আহত হয়েছেন। এই দূর্ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। আজ সকালে বরাবাজার থেকে বান্দোয়ানগামী একটি বাস দূর্ঘটনায় পরে। প্রতক্ষ্যদর্শীরা জানায়, বাসটি বরাবাজার থেকে বান্দোয়ান যাচ্ছিল। স্বাভাবিক গতির চেয়ে বেশি জোরে চলছিল বাসটি। ফলে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। বাসের নিচে এবং এর ভিতরে আটকে যান কয়েকজন। ঘটনার সময় বাসে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। বাসের চালক এবং সহকারী পলাতক।
ঘটনার পরেই স্থানীয় জনগণ উদ্ধারকার্য শুরু করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১ জনের, আহত হন ৭ জন। আহতদের বরাবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঘটনায় গুরুতর আহত ৩ জনকে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে এই দূর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ঐ রাস্তায় গাড়ির গতি নিয়ন্ত্রনের দাবিতে বিক্ষোভ দেখায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।



























