রাঙামাটির কাপ্তাইয়ে সন্ত্রাসী কর্তৃক এক বাঙালী কৃষককে কুপিয়ে হত্যা
রাঙামাটি প্রতিনিধি, ২৭ জানুয়ারি (বিডিন্যাশনাল নিউজ ডটকম):- রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়নে হরিণছড়া এলাকায় এক বাঙালী কৃষককে কুপিয়ে হত্যা করেছে উপজাতীয় সন্ত্রাসীরা। বৃহস্পতিবার গভীর রাতের কোন এক সময় নিজ ঘরের ভিতরে তাকে কুপিয়ে হত্যা করা হয় বলে পুলিশ ধারনা করছে। নিহত কৃষকের নাম মোহাম্মদ শাহ আলম (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হরিণছড়া এলাকার স্থানীয় আগর বাগানের কৃষক শাহ আলমের সাথে জায়গা জমি নিয়ে স্থানীয় উপজাতীয় হেডম্যান ও কতিপয় উপজাতীয় গোষ্ঠীর বিরোধ ছিল। ধারনা করা হচ্ছে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজাতীয় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করতে পারে।
এদিকে স্থানীয় অধিবাসীরা নাম প্রকাশ না করার শর্তে মন্তব্য করে জানিয়েছে কৃষক শাহ আলমকে জেএসএস’র একটি পক্ষ একা বাসায় নির্মমভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনার পর হরিণাছড়ার বাঙ্গালীদের মাঝে চরম উক্তেজনা বিরাজ করছে। আতংক রয়েছে স্থানীয় কৃষকরা।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউসুপ সিদ্দিকী পিপিএম জানান, হরিণছড়ার হত্যাকান্ডের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়। বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাত দন্তের জন্য রাঙ্গামাটি মর্গে প্রেরণ করে। এ ঘটনার পর কাপ্তাইয়ের দুর্গম এলাকা হরিণছড়াতে বাঙালী হত্যাকান্ডের খবর পাওয়ার পর এলাকায় সেনা টহল প্রেরণ করা হয়েছে। এলাকায় সেনাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।


























































