স্পেনে বেকার মানুষের সংখ্যা ৫৩ লাখ
ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৭ জানুয়ারি (বিডিন্যাশনাল নিউজ ডটকম):- স্পেন সরকারের ব্যয় সংকোচন নীতির প্রতিবাদে সেদেশের বিভিন্ন শহরে লক্ষাধিক মানুষ বিক্ষোভ দেখিয়েছেন। এদিকে স্পেনের বেকার মানুষের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেছে বলে সেদেশের সরকারি পরিসংখ্যান বিভাগ জানিয়েছে।
স্পেনের পূর্বাঞ্চলীয় আলিকান্টে, ক্যাস্টেলন ও ভ্যালেন্সিয়া শহরে বৃহস্পতিবার হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখান এবং ‘জনসেবা খাতে কোন ব্যয় হ্রাস নয়’ বলে শ্লোগান দেন। স্পেনের প্রধান শ্রমিক ইউনিয়নগুলোর ডাকে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয় এবং এ তিন শহরে প্রায় ২ লাখ মানুষ প্রতিবাদ বিক্ষোভে অংশ নিয়েছে বলে ইউনিয়ন নেতারা জানিয়েছেন।
এদিকে স্পেনের ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ইনিস্টিটিউট আজ (শুক্রবার) জানিয়েছে, ২০১১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশটিতে কর্মহীন মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ লাখ। অথচ ২০১১ সালের সেপ্টেম্বর পর্যন্ত এসব মানুষের সংখ্যা ছিল ৪৯ লাখ। স্পেনে গত ১৭ বছরের মধ্যে বেকার মানুষের সংখ্যা বৃদ্ধির এ হার নজীরবিহীন।
নতুন এ পরিসংখ্যান অনুযায়ী স্পেনের ১৬ থেকে ২৪ বছর বয়সী মানুষের মধ্যে শতকরা ৫০ ভাগেরও বেশি অর্থাৎ শতকরা ৫১.৪ ভাগ মানুষ বেকার। সেদেশের সরকার সম্প্রতি বেকার সমস্যা সমাধানের জন্য শ্রমখাতে সংস্কার আনার ঘোষণা দিয়েছে।
ইউরোজোনের ১৭ দেশের মধ্যে স্পেনে কর্মহীন মানুষের সংখ্যা সর্বোচ্চ। এ ছাড়া, স্পেনের অর্থনীতি এমন অবস্থায় পৌঁছেছে যে, গ্রিসের পর এ দেশটিকে চরম ঋণ সংকটে পড়তে হতে পারে।


























































