নিউজিল্যান্ডে ভূমিকম্প : জরুরি অবস্থা জারি
ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৪ সেপ্টেম্বর (বিডিন্যাশনাল নিউজ ডটকম):- নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ও দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাইস্টচার্চে আজ শনিবার স্থানীয় সময় ভোর সাড়ে চারটায় ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভুমিকম্পে পুরনো স্থাপনাসহ বেশ কয়েকটি ভবন ও দোকনপাট বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। বিদ্যুৎ, টেলিফোন ও পানির সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শহরটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত সঠিক আহতের সংখ্যা নিরূপণ করা না হলেও এর সংখ্যা অনেক। এদের মধ্যে জানালার কাঁচ ভেঙে পরে গিয়ে আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। বিভিন্ন ভবনের সামনের অংশ ভেঙে পড়ায় দুমড়ে-মুচড়ে যায় রাস্তার ওপর থাকা বেশকিছু গাড়ি। এটি নিউজিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর। এর লোক সংখ্যা প্রায় ৩ লাখ ৮৬ হাজার।
উল্লেখ্য, নিউজিল্যান্ডে প্রতিবছর ১৪ হাজার বারেরও বেশি ভূমিকম্পের ঘটনা ঘটে। এগুলোর অন্তত ২০টি ৫ মাত্রা অতিক্রম করে। দেশটিতে এর আগে সবচেয়ে বড় ভূমিকম্পের ঘটনা ঘটেছিল ১৯৬৮ সালে। ৭ দশমিক ১ মাত্রার ওই ভূমিকম্পে দক্ষিণ দ্বীপে নিহত হয়েছিল ৩ জন।



























