জাতীয় শোক দিবসের কবিতা
পেরোবোই আমরা
মোস্তাফিজুর রহমান উজ্জল
তোমার রক্তে আজও পিচ্ছিল হয়ে আছে সিড়িগুলি,
সামনে যত এগুতে চাই ততই পিছিয়ে পড়ি।
তোমায় হারিয়ে বড় সংকটে আমরা, সেই ’৭৫ থেকে
সুর্যসিঁড়ির ধাপ ভাঙতে ভাঙতে হাঁফিয়ে উঠেছি
এগোনো যায়না, এগোতে পারিনা।
৩৯ বছরের তেজস্বী যুবক আজও হার মানে
তোমার নিথর শরীরের প্রবাহমান রক্তের স্রোতধারার কাছে
যতপথ না এগিয়েছি, তোমার রক্তের তীব্র পিচ্ছিলতায়
পিছিয়েছি তারও বেশী
পিছিয়ে পিছিয়ে নতুন শক্তি সঞ্চার করে
সামনে এগুতে চাই আমরা,
’৭২ এর সেই কলঙ্কমুক্ত সংবিধান দিয়ে
কেননা সেখানে তোমার ওপর নৃশংসতার বর্ণনা নেই
নেই রক্তের হোলিখেলা
সেখানে রয়েছে কেবল এগিয়ে যাবার প্রত্যয়
তোমার সেই জ্বালাময়ী ভাষণের শানিত ধ্বনি
ফিনকি যাওয়া রক্তের স্রোত
আমার শরীরের শিরায় শিরায় বহমান
তোমার খুনীদের ফাঁসিতে ঝুলিয়েছি,
স্বাধীনতার শত্র“দের দেশ থেকে উৎখাতের
দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলেছি,
অদম্য স্পৃহা নিয়ে তোমার ৩২ এর
সবগুলি সিড়ি বেয়ে
উপরে উঠতে বেশী দেরী হয়তো হবেনা
এখন তোমার স্বপ্ন বাস্তবায়নে
আমরা এগিয়ে চলেছি অবিরাম অবিরত
তোমার সোনার বাংলা, আমরাই গড়বো বাঁধা আসুক যত।




























Sorry, comments for this entry are closed at this time.