মিল্কভিটায় দুধ সরবরাহ বন্ধ করে দিবে সমবায়ীরা
সিরাজগঞ্জ, ০১ সেপ্টেম্বর (বিডিন্যাশনাল নিউজ ডটকম):- সমবায়ীদের দেওয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ হচ্ছে আজ বুধবার সন্ধ্যায়। মিল্কভিটার মহাব্যবস্থাপককে অপসারণসহ তিন দফা দাবিতে ৪৮ ঘণ্টার এই আল্টিমেটাম দিয়েছে সমবায়ীরা। মঙ্গলবার মিল্কভিটার মহাব্যবস্থাপককে অপসারণ, দুধের মূল্য বৃদ্ধি এবং মিল্কভিটার সমবায় ইউনিয়নের নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে গতকাল মঙ্গলবার সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে সমবায়ীরা। সেইসাথে এসব দাবি বাস্তবায়ন না হলে বৃহস্পতিবার থেকে মিল্কভিটায় দুধ সরবরাহ বন্ধ রাখারও ঘোষণা দিয়েছে সড়ক অবরোধ কারীরা। জানা গেছে, ঘোষণা কার্যকর করতে বাঘাবাড়ী, ভাঙ্গুড়া ও মোহনপুরের সকল প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সদস্যদের কাছে লিফলেট বিতরণ করা হচ্ছে। শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের কুটিরপাড়া প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি মো. আব্দুস সাত্তার সমবায়ীদের প থেকে লিফলেট প্রাপ্তির কথা স্বীকার করে জানান, মিল্কভিটায় দুধ সরবরাহ বন্ধ রাখার জন্য লিফলেটে উল্লেখ করা হয়েছে। সমবায়ীদের সিদ্ধান্ত আমরা মেনে চলবো। বৃহস্পতিবার থেকে মিল্কভিটায় দুধ সরবরাহ বন্ধ থাকবে।



























